Wednesday, 23 September 2020

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী ৪ সদস্যকে গ্রেফতার : কুমিল্লার সময়




কুমিল্লা প্রতিনিধি: 
ডিবি পুলিশ পরিচয়ে নগদ অর্থ বহনের সময় তিন ব্যাক্তির কাছ থেকে সাড়ে ২২ লাখ টাকা জোড় করে ছিনতাইয়ের ঘটনায় একটি ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে ঢাকা ও গাজীপুর থেকে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার,নগদ দেড় লাখ টাকা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। 
বুধবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ছিনতাইকারী চক্রটি বিভিন্ন সময়ে কুমিল্লার মুরাদনগর,দাউদকান্দির গৌরীপুর ও সদর দক্ষিন উপজেলার পদুয়ার বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসকল ঘটনার কথা পুলিশের নজরে এলে পুলিশ তৎপর হয়ে তাদের কে আটক করে। আটককৃতরা হলো শেরপুর জেলার মোঃ সুমন মিয়া,জয়পুর হাটের মোঃ আপেল,যশোর জেলার মোঃ মনির এবং গাড়ী চালক ভোলা জেলার মোঃ ইউছুফ। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সপোর্দ করা হবে বলে পুলিশ সুপার জানান।

Monday, 21 September 2020

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : 
কুমিল্লার লালমাই উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে ফারহানা ( ৯) ও খাদিজা আক্তার ইশা( ৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের খলিলপুর  গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় ফারহানার বাড়ি লাকসাম উপজেলার চানগাঁও গ্রামের প্রবাসী মীর হোসেন ও ইশা (৭) খলিলপুর গ্রামের মৃত আবুল বাশারের মেয়ে তারা নানার বাড়ী বেড়াতে এসেছিলো। স্হানীয়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজিএম সফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন ।

Saturday, 19 September 2020

লালমাই উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কর্মকান্ড : কুমিল্লার সময়




রিয়াজ মোর্শেদ মাসুদঃ কুমিল্লার লালমাই উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্যাপক উন্নয়ন কর্মকন্ড পরিচালনা করে আসছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০সালের মার্চ মাসে স্থানীয় সরকার বিভাগ এক চিঠির মাধ্যমে নবসৃষ্ট লালমাই উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমের নির্দেশনা প্রদান করে। গত ১৪ই মে উপ-প্রকৌশলী হিসেবে মোঃ সাইফুল ইসলাম যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে লালমাই উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যক্রম শুরু করে। এর আগে লালমাই উপজেলা সদর দক্ষিণ উপজেলার আওতায় কার্যক্রম চলমান ছিল। বর্তমানে লালমাই উপজেলায়“ পল্লী অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ” প্রকল্পের আওতায় ১৫টি সাবসার্সিবল পাম্পযুক্ত নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। যা মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল,এমপির বিশেষ বরাদ্দের অনুকূলে পাওয়া যায়। পিইডিপি-৩, পিইডিপি-৪ প্রকল্পের আওতায় লালমাই উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৩টি ওয়াশব্লক স্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রকল্প হতে ইতিমধ্যে সকল বিদ্যালয়কে নিরাপদ পানি ও স্যানিটেশনের আওতায় নেওয়ার কার্যক্রম খুব দ্রততার সাথে চলছে। করোনা পরিস্থিতিতে লালমাই উপজেলায় ২টি হাত ধোঁয়ার বেসিন স্থাপন করা হয়েছে, সেগুলো সচল রাখার জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে সাবান বিতরণ করা হচ্ছে, তাছাড়া উপজেলা প্রশাসনকে জীবানুনাশক ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। লালমাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮ এর আওতায় “আমার গ্রাম আমার শহর” অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসাবে ২০১৯-২০ অর্থবছরে “সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি” প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ২৬টি করে মোট ২৪৩টি পানির উৎস স্থাপন কাজের প্রক্রিয়া চলমান রয়েছে। যথাসময়ে সাইট লিষ্ট না পাওয়ায় মাঠ পর্যায়ে কাজ শুরু  করতে বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে খুব দ্রত তালিকা পাওয়া যাবে। লালমাই উপজেলার সকল জনগণকে নিরাপদ পানি ও স্যানিটেশনের আওতায় নেওয়ার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অঙ্গীকারবদ্ধ ও সফলতার সাথে আমরা কাজ করে যাচ্ছি।

কুমিল্লায় এলজিআরডি মন্ত্রী কোভিডের অর্থনেতিক ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করছে সরকার : কুমিল্লার সময়




কুমিল্লা প্রতিনিধি।। ১৯.০৯.২০২০
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা উন্নয়নকাজ সামাজিক দূরত্ব মেনে আবার শুরু করেছি। করোনার মাত্রা কিছুটা কমে এসেছে। সারা পৃথিবীর মতো আমাদের দেশেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করছে সরকার। আশা করছি উন্নয়নকাজের স্বাভাবিকতা ফিরে আসবে।

শনিবার দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর ৫৩ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসানের সভাপতিত্বে বার্ড এর ময়নামতি অডিটরিয়ামে অনুষ্ঠিত পরকিল্পনা সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সিরডাপ এর মহাপরিচালক ড. চার্ডস্যাক ভিরাপাত।

দুইদিন ব্যাপী এই পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ১০৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বার্ড বর্তমান সরকারের রাজস্ব খাতের অন্তর্ভূক্ত লালমাই ময়নামতি প্রকল্প, বার্ড ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্প এবং সিভিডিপি ৩য় পর্যায়ের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৩টি প্রকল্প বাস্তবায়ন করছে।

Friday, 18 September 2020

কুমিল্লায় বাসের দরজা-জানালা বন্ধ করে তরুণীকে গণধর্ষণ : কুমিল্লার সময়





কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায়  তিশা প্লাস পরিবহন বাসের দরজা-জানালা বন্ধ করে এক তরুণীকে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় বাসের চালক আরিফ হোসেন সোহেল (২৬) ও হেলপার বাবু শেখকে (২২) গ্রেফতার করা হয়েছে।আর সুপারভাইজার (৩২) আলম পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
গ্রেফতারকৃত দুইজনের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ওই তরুণীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা করা হয়। এরপর আদালতে জবানবন্দি শেষে গত বুধবার রাতে তাকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।
তরুণীর পরিবার ও মামলার বিবরণ থেকে জানা যায়, ওই তরুণী গত ১১ সেপ্টেম্বর  ঢাকার আবদুল্লাহপুরে তার জেঠাতো বোনের বাসায় যায়। গত১৪ সেপ্টেম্বর বাড়ি ফেরার উদ্দেশে জেঠাতো বোনের বাসা থেকে বের হয়। সেখান থেকে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে পৌঁছে।
ওই দিন রাত সাড়ে ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ‘তিশা প্লাস’ পরিবহনের একটি বাসযোগে কুমিল্লা শহরের শাসনগাছার উদ্দেশে রওনা করে ওই তরুণী। পথিমধ্যে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে শাসনগাছা বাস স্টেশনে পৌঁছার পর তাকে নামিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে রাখে। এতে তারা তাকে সেখানে নামিয়ে দেবে এবং এ বিষয়ে তাকে টেনশন করতে নিষেধ করে। কিন্তু বাসের চালক ওই তরুণীকে শাসনগাছা বাস স্টেশনে না নামিয়ে কৌশলে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নিয়ে যায়।
মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোর ৪টার দিকে বাসের চালক আরিফ হোসেন সোহেল, হেলপার বাবু শেখ ও সুপারভাইজার আলম বাসটির দরজা-জানালা বন্ধ করে তরুণীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে বাসের চালক আরিফ হোসেন সোহেল বাস থেকে নেমে চলে যায়।
এরপর হেলপার বাবু শেখ ও সুপারভাইজার আলম তরুণীকে বাস থেকে নামিয়ে পদুয়ার বাজার এলাকায় বাবু শেখের ঘরে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে। সকাল ৬টার দিকে তরুণীকে অসুস্থ অবস্থায় ঘর থেকে বের করে দিয়ে তাকে চলে যেতে বলে। পরে তরুণী মোবাইল ফোনে তার মাকে ঘটনা জানায়।
গত মঙ্গলবার বেলা ২টার দিকে ধর্ষিতার মা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পৌঁছে ঘটনার বিস্তারিত জেনে অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ করে। এরপর তিনি বাদী হয়ে ওইদিন রাতে তিনজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় গণধর্ষণের মামলা করেন।
ধর্ষিতার মা বলেন, তার মেয়ে গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতো। করোনার কারণে সে ৫ মাস আগে বাড়ি চলে আসে। গত শুক্রবার চাকরির সন্ধানে বাড়ি থেকে ঢাকায় গিয়ে জেঠাতো বোনের বাসায় ওঠে। সেখান থেকে বাড়ি ফেরার পথে এমন নিষ্ঠুর ঘটনার শিকার হয়। তিনি তার মেয়ের উপর পাশবিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার দুপুরে ‘তিশা প্লাস’ পরিবহনের পরিচালক বিমল দে সাংবাদিকদের বলেন, ‘যেই বাসটিতে ঘটনা ঘটেছে সেই বাসটির মালিক এই পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দুলাল হোসেন অপু। তবে এই ঘটনা যারা ঘটিয়েছে আমরা তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
ওই পরিবহনের এমডি দুলাল হোসেন অপু সাংবাদিকদের বলেন, ‘ঢাকা মেট্রো-ব ১৫-৩৯৮ নম্বর গাড়ির চালক, হেলপার ও সুপারভাইজার এ ঘটনা করেছে জানার পর আমরা গাড়ির চালক ও হেলপারসহ দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করেছি।’
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা কমল কৃষ্ণ ধর সাংবাদিকদের জানান, এ ঘটনায় বাসের চালক আরিফ হোসেন সোহেল ও বাবু শেখকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Thursday, 17 September 2020

লালমাইয়ে শাহীনুর হত্যাকাণ্ডের প্রধান আসামি তৈয়ব আলী গ্রেফতার : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের প্রবাসীর স্ত্রী শাহীনুর আক্তার (২২) হত্যাকাণ্ডের প্রধান আসামি শ্বশুর তৈয়ব আলীকে গতকাল ১৭ সেপ্টেম্বর রাতে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। 

পূর্বের ঘটনা : 
জানা যায় গত জুন ২০২০ মঙ্গলবার (১৬ জুন) দুপুরের দিকে পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের দক্ষিণ পাড়ার নোয়াবাড়ীতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয় দুই বছর পূর্বে দোশারীচোঁ গ্রামের তৈয়ব আলী এর পুত্র ওমান প্রবাসী কাজী জাফরের সঙ্গে বিয়ে হয় শাহীনুরের। নিহত শাহীনুর পাশ্ববর্তী লাকসাম উপজেলার কোয়ার গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। কাজী জাফর ও শাহীনুর দম্পতির নুর মোহাম্মদ নামের চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য বারবার গৃহবধূ শাহীনুরকে নির্যাতন করে আসছে। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ওই গ্রামের জাহাঙ্গীর আলম মিলন জানায়, গতকাল দুপুরবেলা তৈয়ব আলী ও তার স্ত্রী পেয়ারা বেগম নিহত শাহীনুরের সাথে ঝগড়ার এক পর্যায়ে মারধর করে আমি গিয়ে তাদের মিলমিশ করে দেই। আমি চলে আসার পর পুনরায় আবার তারা শাহীনুরকে মারধর করে। শ্বশুর তৈয়ব আলী শাহীনুরের তলপেটে লাথি মারে এতে তার মৃত্যু হয়েছে বলে আমি ধারণা করছি। তৈয়ব আলী পূর্বে ও এভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তবে তিনি জানান।

বিয়ের পর থেকে এ ৬ বছরের মধ্যে পুত্রবধূকে নির্যাতনের ঘটনায় অনেকবার পারিবারিক ভাবে শালিস বৈঠক হয়েছিল বলে সূত্রে জানা গেছে।

নিহতের মামা অলিউল্লাহ জনান, তারা শাহীনুরকে নির্মমভাবে নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, শিশুকাল থেকেই শাহীনুর নানার বাড়িতে থাকতো, এখানেই বেড়ে উঠেছে সে। শাহীনুরকে নির্মমভাবে হত্যার মাধ্যমে তার চার বছরের শিশুকে যারা এতিম করে দিয়েছে আমি প্রধানমন্ত্রীর কাছে সেসব হত্যাকারীদের বিচার চাই।

এব্যাপারে নিহত শাহীনুরের মা সেতারা বেগম বাদী হয়ে লালমাই থানায় একটি মামলা দায়ের করেন।

লালমাই থানার এস আই মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রহিম প্রধান আসামি তৈয়ব আলীকে  গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

কুমিল্লায় মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসকের প্রচারাভিযান : কুমিল্লার সময়




কুমিল্লা প্রতিনিধি :
‘করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ এ স্লোগানে কুমিল্লায় মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযান ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনের সামনে গিয়ে শেষ হয়। 
র‌্যালীতে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম-উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিন্টু বেপারী ও জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। পরে পুলিশ লাইনের প্রধান ফটকে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, মাস্ক নাই, সেবা নাই। কোথাও মাস্ক ছাড়া গেলে কোন সেবা দেয়া হবে না। দোকানে পর্যন্ত কেনা কাটা করা যাবে না। করোনা প্রতিরোধে জনসাধারণকে মাস্ক পড়ার অনুরোধ জানান তিনি। এর আগে র‌্যালী চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে যারা মাস্ক ছাড়া ঘর থেকে বের হয়েছেন, তাদেরকে মাস্ক প্রদান করা হয়। 

করোনা নিয়ন্ত্রণে এ জেলায় কঠোর পদক্ষেপ নেয়ার হুশিয়ারিও দেন প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর  কর্মকর্তারা।