Tuesday, 21 April 2020

লালমাইতে খেলায় বাধা দেওয়ায় হামলা ও লুটপাট : আহত-৫ : কুমিল্লার সময়



নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ক্রিকেট খেলায় বাধা দেয়ায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের হদকরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় ৫জন গুরুতর আহত হয়েছে। এ হামলার ঘটনায় ১২জনের নাম উল্লেখ করে লালমাই থানায় অভিযোগ দায়ের করেছেন আহত সাফায়েত হোসেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযোগকারীর বাড়ির সামনে ক্রিকেট খেলতে আসে প্রতিপক্ষরা। এসময় বর্তমান করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে তাদেরকে ক্রিকেট খেলতে বারণ করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে ওইদিন সন্ধ্যায় হামলাকারীরা জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগকারীর বাড়িতে এলোপাথাড়ি হামলা চালায়। এসময় হামলাকারীরা সাফায়েত (৪৬), মরিয়মের নেছা (৫০), কাজল বেগম (৩৮), বাবলু (১৫) কে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের চিৎকারে স্হানীয় লোকজন এসে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করে। এছাড়াও হামলাকারীরা কাজল বেগমের স্বর্ণের চেইন ও সাফায়েত হোসেনের একটি মোবাইল ফোনসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহত সাফায়েত হোসেন একই গ্রামের ইলিয়াছ, ইয়াকুব, হারেস, সাইফুল ইসলাম, ফকিরা, আবুল কাশেম, সোলেমান, মহিন উদ্দিন, ইমাম হোসেন, আবু মোতালেব, শুক্কুর আলী, আজিম এর বিরুদ্ধে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে জানতে চাইলে লালমাই থানার এসআই আরিফ বলেন, আমি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।

Monday, 20 April 2020

সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রণোদনা দিতে ডিসিদেরকে প্রেস কাউন্সিলের চিঠি





ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২০: জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে বিশেষ প্রণোদনা দিতে দেশের সকল জেলা প্রশাসকদের নিকট চিঠি পাঠিয়েছে প্রেস কাউন্সিল। রোববার বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: শাহ আলম দেশের সকল জেলা প্রশাসকদের নিকট ইমেইলে এ চিঠি পাঠিয়েছেন। সোমবার তিনি এ তথ্য বিএমএসএফকে নিশ্চিত করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও ক্ষতিগ্রস্থ। জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকেরা করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরী তথ্য জনগনের কাছে পৌঁছে দেয়ার কাজ করছেন। তাদেরকে সরকারের প্রণোদনার আওতায় আনা প্রয়োজনের কথা উল্লেখ করে জেলা-উপজেলায় প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীদের তালিকা তৈরী করে বিশেষ প্রণোদনা প্রদানের অনুরোধ জানান।

এ ব্যাপারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক প্রতিক্রিয়ায় বলেন, দেশে চলমান এ দূর্যোগে সাংবাদিকদের জন্য প্রেস কাউন্সিলের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে জেলা প্রশাসক কর্তৃক প্রণীত তালিকায় যেন সাংবাদিক নয় এমন কোন লোককে অন্তর্ভূক্ত করা না হয় সেদিকে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোকে বিশেষ নজর রাখতে হবে। তবে এ কাজে তথ্য অধিদপ্তরকে সম্পৃক্ত করলে বিশেষ সফলতা আসবে বলেও বিএমএসএফ মনে করে।

বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়, প্রেস কাউন্সিলের এই চিঠিতে সম্পাদকদের ব্যাপারে কিছু বলা হয়নি। করোনায় বিশেষ করে মিডিয়ার মালিকরাও বিশেষ ক্ষতিগ্রস্থ। এছাড়া চিঠিতে প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়াকেও আলাদা করা হয়নি। দেশের এই দূর্যোগকালে অনলাইন পত্রিকাগুলো ব্যাপক গুরুত্ব পালণ করছেন। তাই এই প্রণোদনা প্রাপ্তির ক্ষেত্রে অনলাইন পত্রিকা গুলোর সাথে জড়িত সাংবাদিকদেরকেও যেন গুরুত্ব দেয়া হয় সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানায় বিএমএসএফ।

করোনার এই দূর্যোগ কাটিয়ে উঠতে ইতিমধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অনুদান বরাদ্দের বিষয়টি এখনও ঝুঁলে আছে। আমরা আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজ উদ্যোগে বিষয়টি ঘোষণা করবেন। 

মনোহরগঞ্জে বিধবার সাথে অনৈতিক কাজে ধরা পড়লো ইউপি সদস্য, আনোয়ার : কুমিল্লার সময়





মনোহরগঞ্জ প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিধবা ও এক সন্তানের জননীর সাথে অনৈতিক কাজের সময় হাতে নাতে ধরা পড়লো ইউপি মেম্বার। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের শাহপুর গ্রামে।
এলাকাবাসী জানায়, উপজেলার ৭নং লক্ষণপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি। পাশ্ববর্তী সরসপুর ইউনিয়নের শাহপুর গ্রামে মৃত দেলোয়ার হোসেনের স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্কের কারণে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে গত শনিবার মনোয়ারার বাড়িতে মিলিত হয় ইউপি সদস্য ও লক্ষণপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন।
এসময় স্থানীয় লোকজন দেখতে পায় মনোয়ারার বিছানায় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন ও মনোয়ারা বেগম শুয়ে আছেন।
এসময় স্থানীয় লোকজন দেখে চিৎকার করে। তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে দেখতে পায় মেম্বার ও মৃত দেলোয়ারের স্ত্রী মনোয়ারা বেগম খাটে শুয়ে আছে । পরে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান এসে স্থানীয় লোকজনকে সান্ত্বনা দিয়ে মেম্বারকে ছাড়িয়ে নিয়ে যায় ।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, মেম্বারের নজর আগে থেকেই খারাপ। সে প্রায়ই এলাকার মহিলাসহ তরুণী-কিশোরীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করতে ওস্তাদ। গত প্রায় ৬ মাস আগে লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের হালিম মাস্টারের বিধবা মেয়ে রোকেয়া বেগমের সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়েছিলেন।

লাকসামে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবীরা : কুমিল্লার সময়





নিজস্ব প্রতিনিধি : চলমান করোনাভাইরাসের কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়ায় কুমিল্লার লাকসামে সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দিয়েছেন মানবিক সংগঠন ‘ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবীরা’। আজ দিনব্যাপী উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের জনৈক কৃষকের ধান কেটে দেন তারা। এমন ব্যতিক্রম উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা।  

কৃষকদের ধান কাটা কার্যক্রমে অংশ নেন ভিক্টোরি অব হিউম্যানিটির অর্গানাইজেশনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, সদস্য মাইনুল ইসলাম রাসেল, মেহেদী হাসান মিঠু, ইমন হোসেন মোহসিন আলম, রাজীব হোসেন, হৃদয় হোসেন, রিয়াজ হোসেন, মাসুদ আলম, শরীফ হোসেন, ওসমান গণি, সিয়াম  হোসেন, আরাফাত হোসেন, আজাদ হোসেন, সাকিব প্রমুখ।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন : কুমিল্লার সময়





নিজস্ব প্রতিবেদক : 
করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতা করার লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি কে আহবায়ক এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি কে সদস্য সচিব করে ৮২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Sunday, 19 April 2020

লাকসাম থেকে হেঁটে নাঙ্গলকোটে করোনা রোগী, এনএসআইয়ের তথ্য উদ্ধার করলো প্রশাসন : কুমিল্লার সময়



স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী লক্ষ্নীপুর থেকে পালিয়ে নাঙ্গলকোট হয়ে কক্সবাজার যাওয়ার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক জি এম আলিমউদ্দিনের তথ্যর ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের  সহায়তায়  শনিবার রাত সাড়ে ১১ টায়  নাঙ্গলকোট রেলস্টেশন থেকে  তাকে উদ্ধার করে  উপজেলা আইসোলেশান সেন্টারে  নিয়ে যান নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল।  

তিনি রামগঞ্জ থেকে লাকসাম জংশনে এসে সেখান থেকে হেঁটে নাঙ্গলকোট রেলস্টেশনে যান।  বর্তমানে তাকে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ এলাকার ওই লোকটি লক্ষীপুর জেলার রামগঞ্জ পৌরসভায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি কক্সবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন। রামগঞ্জে ভাড়া বাসায় তার করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার পজেটিভ রিপোর্ট আসলে সেখানকার লোকজন তাকে বাড়ি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তিনি শনিবার বাড়ি থেকে পালিয়ে চালের ট্রাকযোগে লাকসাম জংশন আসেন। পরে সেখান থেকে রেললাইনের পথ ধরে হেঁটে হেঁটে নাঙ্গলকোটে রেলস্টেশনে যান। বর্তমানে এ সড়কটি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন চিকিৎসকরা।


 
জানা যায়, সে রামগঞ্জ থেকে পালিয়ে  যাওয়ার খবর পেয়ে এনএসআই তাকে খুজঁতে থাকে। এক পর্যায়ে নাঙ্গলকোটে রেলস্টেশনে তার সন্ধান পেয়ে এনএসআই তাকে নজরদারিতে রাখে  এবং জেলা  প্রশাসক ও পুলিশ প্রশাসনকে এ বিষয়ে তথ্য দেন এনএসআই। এরপরই এই রোগীকে উদ্ধার করে  উপজেলার আইসোলেশান সেন্টারে নেয়া হয়। বর্তমানে তাকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই নাঙ্গলকোট রেলস্টেশন থেকে তাকে উদ্ধারের পর জীবানুনাশক স্প্রে করা হয়েছে।  জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে লাকসাম রেলওয়ে জংশনে জীবানুনাশক স্প্রে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানান। তিনি সকলকে আপাতত লাকসাম জংশন থেকে নাঙ্গলকোট পর্যন্ত রেলসড়কে হেঁটে চলাচল না করার নির্দেশনা দেন।

Saturday, 18 April 2020

লালমাইয়ে ইভটিজিংয়ে বাধা দেয়ায় পিতাকে পিটিয়ে হত্যা, আটক - ২ : কুমিল্লার সময়





প্রদীপমজুমদার : নিজের মেয়ের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইউপি মেম্বারের হাতে খুন হলেন এক বৃদ্ধ পিতা আমানউল্ল্যাহ। (৬৫)। ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার ইছাপুরা গ্রামে।

শুক্রবার (১৭-এপ্রিল) বিকালে উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুরা গ্রামের পশ্চিম পাড়ায় আমান উল্ল্যাহর বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শনিবার (১৮-এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরে বেলঘর ইউপির ১ নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ারের ভাই কাঠমিস্ত্রী সোহরাব একই গ্রামের আমান উল্ল্যার এস এস সি পরীক্ষা দেয়া মেয়েকে দীর্ঘ দিন ধরে ইভটিজিং করে আসছে। গত বৃহস্পতিবার রাতে সোহরাব ওই মেয়েকে ডাকাডাকি করতে থাকলে তার পরিবারের লোকজন বের হয়ে আসলে সোহরাব পালিয়ে গিয়ে ধান ক্ষেতের মধ্যে শুয়ে থাকে। বাড়ীর আশে পাশের লোক ক্ষিপ্ত হয়ে তাকে মার দেয়। এঘটনার প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে দেলোয়ার মেম্বার ও তার ভাই সোহরাব ১০-১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে আমানউল্ল্যাহর বাড়ি ঘর ভাংচুর করে। এতেও শান্ত হয়নি ওই সন্ত্রাসীরা। পুনরায় শুক্রবার বিকেলে তাদের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে আমান উল্ল্যাহ ও তার ছেলে আনোয়ার কে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আমান উল্ল্যাহ অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তারগণ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার সকাল ১০টার সময় চিকিৎসাধীন অবস্থায় আমান উল্ল্যাহর মৃত্যু হয়।

আমানউল্ল্যাহর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল ও লালমাই থানা অফিসার ইনচার্জ মোঃ আইউব। এ সময় উপস্থিত ছিলেন ভূশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম, বেলঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, বেলঘর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মান্নান ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আরিফুজ্জামান।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ আইউব বলেন  এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার বাদি হয়ে লালমাই থানার মামলা নংঃ ২(১৮-৪-২০২০) ৪ জনের নাম উল্লেখ করে ও ৭-৮ জনের অজ্ঞাত নাম দিয়ে শুক্রবার বিকেলে একটি মামলা দায়ের করেন। ১৮ এপ্রিল সকালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যুর খবর পেয়ে আমরা শাহবাগ থানার মাধ্যমে ময়নাতদন্তের ব্যবস্থা করি এবং দায়েরকৃত মামলা ৩০২ ধারা সংযুক্তের জন্য আদালতে প্রতিবেদন প্রেরণ করি। এখন পর্যন্ত দুই জনকে দু'জন আসামীকে আটক করা হয়েছে। দেলোয়ার সহ বাকীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।