লাকসাম প্রতিনিধি :
লাকসামে ভেজাল ঔষধ বিক্রির অভিযোগে এক ফার্মেসী মালিকের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে লাকসাম উপজেলার নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম এ সাজা প্রদান করেন। এসময় উদ্ধারকৃত ভেজাল ঔষধগুলো আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, লাকসাম শহরের বাইপাস এলাকায় ন্যাশনাল ফার্মেসীতে ভেজাল ঔষধের সন্ধান পেয়ে স্থানীয় ঔষধ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক লুৎফুল হাসান উপজেলা প্রশাসন এবং পুলিশে খবর দেয়। পরে অভিযান চালিয়ে ওই ফার্মেসী এবং বাসা থেকে বিভিন্ন নামিদামী কোম্পানীর ভেজাল ঔষধ উদ্ধার করা হয়। এদিকে ভেজাল ঔষধ বিক্রি এবং রাখার দায়ে ফার্মেসী মালিক চাঁদপুরের মতলবের রাজীব রায়ের ছেলে রতন রায়কে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় তার কাছ থেকে উদ্ধারকৃত বিপুল পরিমান ভেজাল ঔষধ আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় ঔষধ ব্যবসায়ি সমিতির সভাপতি মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক লুৎফুল হাসান, সাংগঠনিক সম্পাদক বাবু স্বপন, প্রচার সম্পাদক মনির হোসেন সুমনসহ ঔষধ ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঔষধ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক লুৎফুল হাসান জানান, কোন অবস্থাতেই লাকসামে ভেজাল ঔষধ বিক্রি করতে কাউকে দেওয়া হবে না। আমরা ভেজাল ঔষধ বিক্রিকারী যেই হোক তাকে আইনের হাতে তুলে দিব। তবে ভেজাল ঔষধ বিক্রি প্রতিরোধে প্রশাসন, পুলিশ সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিদের সহযোগিতা কামনা করছি।

No comments:
Post a Comment